কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তারা মহাসড়কের পাশ দিয়ে হরিপুর এলাকার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত গাড়িটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হবে। পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।