সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী ‘আর এম স্পেশাল’ নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের মহাসড়কের এক পাশে রেকার এবং অন্য পাশে ওয়েল্ডিংয়ের বিভিন্ন সরঞ্জাম রাখা থাকায় সড়কের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। সেখানে দৃশ্যমান কোনো ব্যারিকেড না থাকায় যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। তবে দুর্ঘটনার সঙ্গে সড়কের এই পরিস্থিতির সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।




