খুলনা ওয়াসার ২ হাজার ৫৯৮ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ মো. রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) খুলনা ওয়াসা ভবনে তার কক্ষে তল্লাশি চালিয়ে প্রকল্প ও অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা।
রেজাউল ইসলাম বর্তমানে পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর প্রকল্প পরিচালকের (পিডি) রুটিন দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, ২০২৫ সালে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি এ দায়িত্ব পান। এ ছাড়া একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে ৯৪ কোটি টাকার চারটি চেকের ফটোকপি ছড়িয়ে পড়া এবং একই গৃহসংযোগের বিপরীতে দ্বিতীয়বার বিল দাখিলের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী জানান, প্রকৌশলী রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি প্রকল্পসংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রেজাউল ইসলাম। তিনি জানান, শোকজের জবাব দেবেন। খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পাওয়া উচিত।




