লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতির ঘটনায় চুরি যাওয়া একটি বাটন ফোনের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফোনটির আইএমইআই নম্বরের তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আরও একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়ায় নিমাই মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় প্রায় ১৩ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট এবং ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় জয়দেব চক্রবর্তী বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাফায়েত আহম্মেদ চুরি হওয়া বাটন ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেন। তদন্তে জানা যায়, ফোনটি মো. মুরাদ হোসেন নামে এক ব্যক্তি এক সবজি বিক্রেতার কাছে মাত্র ৫০০ টাকায় বিক্রি করেন। ওই বিক্রেতার কাছ থেকে ফোনের তথ্য সংগ্রহ করে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় মো. মুরাদ হোসেন (৩৮), মো. শামীম প্রকাশ শাহীন (২৬) ও মো. স্বপনকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মো. জামাল হোসেন (৩০) নামে আরেকজনকে আটক করে ডাকাতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মুরাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মুরাদের বিরুদ্ধে ছয়টি, শামীমের বিরুদ্ধে ১৫টি, স্বপনের বিরুদ্ধে ১২টি এবং জামালের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।