হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। চুক্তি অনুযায়ী, টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বহুল প্রতীক্ষিত এ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিটি প্রস্তুত করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। পরে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা নতুন টার্মিনালে চালুর লক্ষ্য রয়েছে। আর ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম স্থানান্তর করা হবে।
চুক্তির ১৫ বছরের মেয়াদ গণনা শুরু হবে শাহজালাল বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালুর দায়িত্বও থাকবে তাদের। পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণ করতে হবে।
পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।
তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা-সংশ্লিষ্ট কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও বিমান চলাচল পরিচালনা করবে বেবিচক। বিমানবন্দরের নিরাপত্তা, যাত্রী ও কার্গো তল্লাশি এবং পরিবহন নিয়ন্ত্রণও সংস্থাটির হাতে থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
রাজস্ব বণ্টন ও আয়ের হিসাব
চুক্তিতে রাজস্ব ভাগাভাগির সুনির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে আসবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
অন্যদিকে বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি, বহির্গামী যাত্রীপ্রতি এমবার্কেশন ফি এবং নন-এরোনটিক্যাল খাতের আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়া এ আয়ের অন্তর্ভুক্ত।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং নিজস্ব ব্যবস্থাপনায় এ কাজ করা বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।
যাত্রীসেবার মান ও ক্ষতিপূরণের বিধান
যাত্রীসেবার মান বজায় রাখতে চুক্তিতে ন্যূনতম সেবার মান এবং প্রধান কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে টার্মিনালের পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, লিফট ও এসকেলেটরের সচলতা, চেক-ইন, ব্যাগেজ সরবরাহ, কার্গো হ্যান্ডলিং এবং গাড়ি পার্কিংয়ের মান।
চুক্তি অনুযায়ী, উড়োজাহাজ অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়র বেল্টে পৌঁছাতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে রাখার লক্ষ্য রয়েছে।
ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (কাপস), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (কাস) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (এফআইডিএস) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।
এসব সেবার মান ও কার্যসম্পাদন সূচক পূরণে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তি বিবেচনায় প্রতিবার ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা
বেবিচক জানিয়েছে, ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।
টার্মিনালে সেলফ চেক-ইন সুবিধাসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।
এ ছাড়া রয়েছে ১৬টি স্বয়ংক্রিয় ব্যাগেজ কনভেয়র বেল্ট, ১২টি বোর্ডিং ব্রিজ ও ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে। নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্যানিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। বহুতল পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখা যাবে।
আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বাড়াতে নির্মাণ করা হয়েছে ২৭ হাজার বর্গমিটারের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটারের রপ্তানি কার্গো টার্মিনাল।
নতুন এ দুই টার্মিনালে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে। সব মিলিয়ে বার্ষিক সক্ষমতা দাঁড়াবে ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন। বেবিচকের দাবি, নতুন কার্গো টার্মিনাল চালু হলে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বাড়বে।
বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, টার্মিনালের কার্যক্রম সফলভাবে চালু ও সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গঠনমূলক পরামর্শ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের এভিয়েশন খাতের উন্নয়নে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলনের শেষে বেবিচক চেয়ারম্যান ও সংস্থার অন্যান্য সদস্য তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘিরে দীর্ঘদিন ধরে দেশের যাত্রীদের প্রত্যাশা রয়েছে। আন্তর্জাতিক মানের যাত্রীসেবা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বিমানযাত্রা নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি করতে যাচ্ছে বেবিচক।