দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশরেফুল আলম গ্রেপ্তার হয়েছেন। সন্ত্রাস দমন প্রতিরোধ ও নাশকতার পৃথক দুটি মামলায় তাকে আটক করা হয়েছে।
রবিবার  (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চিরিরবন্দর থানা পুলিশ। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মাহামুদুন নবী।
পুলিশ জানায়, মোশরেফুল আলম চিরিরবন্দর থানাপাড়া এলাকার বাসিন্দা। সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মোশরেফুল। এসব কর্মকাণ্ডে জড়িত অন্য নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার বিষয়টিও স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার মোশরেফুল আলমকে সোমবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।