হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার তৈরির জায়গাতেই মিলেছে ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ, পচা ডিম ও দূষিত মসলা পেয়েছেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। রান্নাঘরে অভিযান চালিয়ে ইঁদুর, তেলাপোকা, পচা ডিমসহ বিভিন্ন ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি একজন কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় রান্নাঘরের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাবার সংরক্ষণে অবহেলার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল কোনো ধরনের ঢাকনা ছাড়াই রাখা হয়েছে। এতে মাছি ও পোকামাকড় বসছিল। রান্নাঘরের বিভিন্ন জায়গায় ইঁদুর ও তেলাপোকার বিচরণও চোখে পড়ে। এমনকি রোগীদের পরিবেশনের জন্য প্রস্তুত করা সিদ্ধ ডিমের মধ্যেও পচা ডিম পাওয়া যায়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া। পরীক্ষা করে এর মধ্যে পলিথিনের অংশ ও মাকড়সার জাল পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় ক্ষতিকর লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ ধরনের উপাদান মানবদেহের জন্য ক্ষতিকর।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রোগীদের খাবার তৈরির ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা পাওয়া গেছে। হলুদের গুঁড়ায় পলিথিন ও মাকড়সার জালের পাশাপাশি প্রাথমিক পরীক্ষায় লেড সল্টের উপস্থিতি শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, এসব অনিয়মের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।