কক্সবাজারের উখিয়ায় একটি মডেল মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া সদর বাজারসংলগ্ন দারোগা বাজার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
শাহজাহান চৌধুরী বলেন, প্রতিবেশী ভারত ও মিয়ানমারে ধর্ম নিয়ে সংঘাতের পরিস্থিতি থাকলেও বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে ধরে রাখতে হবে। উখিয়ায় একটি মডেল মন্দির প্রতিষ্ঠার কথা আগেও বলেছিলেন উল্লেখ করে তিনি এবার উদ্যোগটি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল সিকদার, উখিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে উখিয়ার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উখিয়া সদর পূজামণ্ডপে পুলিশের মোবাইল টিম, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। হারাশিয়া, রাজাপালংয়ের কাশিয়ারবিল বিষ্ণু মন্দির ও হরি মন্দির এবং শর্মাপাড়া ও ধুরুমখালী এলাকার পূজামণ্ডপেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।