কুমিল্লার কিশোরী তাজমিনের মৃত্যুর পর কক্সবাজারে করা ধর্ষণ মামলায় রিয়াজ উদ্দিন রাজুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক এ আদেশ দেন।
মামলার বাদী আইনজীবী মোহাম্মদ রাশেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে কক্সবাজার সদর থানাকে নির্দেশ দেন আদালত। পরে পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে রাজুকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। এরপর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাজমিনের মৃত্যুর পর গত ১১ অক্টোবর রাজুকে আটক করে কক্সবাজার সদর থানা-পুলিশ। পরে কুমিল্লা জেলা পুলিশ ও লালমাই থানার একটি দল কক্সবাজারে গেলেও তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়নি। ১২ অক্টোবর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এরপর ১৬ অক্টোবর আইনজীবী মোহাম্মদ রাশেদ ধর্ষণের অভিযোগে আদালতে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবী রাশেদের অভিযোগ, রাজু ভালোবাসার সম্পর্কের কথা বলে তাজমিনকে কক্সবাজারে নিয়ে এসেছিলেন। তাকে কক্সবাজারে না আনা হলে এ ঘটনা ঘটত না বলে দাবি করেন তিনি।