‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যুব লিডার শাহরিয়ার হোসেন রাশেল।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্ট দুর্যোগ প্রতিরোধেও ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে কাউখালী উপজেলা পাহাড়ধস ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখন থেকেই সচেতনতা বৃদ্ধি ও আধুনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ সময় পাহাড়ি এলাকায় অপরিকল্পিত পাহাড় কাটা বন্ধ এবং বৃক্ষরোপণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দুর্যোগকালীন উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপণ এবং ভূমিকম্প ও পাহাড়ধসের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মহড়া উপভোগ করেন।