নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আবাসিক এলাকার গ্যাস সিলিন্ডারের গোডাউন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে মমতাজ স্টিলকে পাঁচ হাজার, সরকার মোটরসকে দুই হাজার এবং চিটাগং মেশিনারিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। কিন্তু প্রতিষ্ঠানভেদে তা ২ হাজার, ২ হাজার ২০০ ও ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। ফলে ক্রেতাদের প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের তুলনায় ১৬৩ থেকে ৬৬৩ টাকা বেশি দিতে হচ্ছিল।
অভিযানে অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের গোডাউন রাখার বিষয়ে আপত্তি জানিয়ে সেগুলো অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকতেও সতর্ক করা হয়।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর আখতার ফারুক জানান, অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ যাচাই করতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।