কুমিল্লার দেবীদ্বারে গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বরকামতা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আব্দুল জব্বার (২৩) ও ফয়জুল্লাহ হান্নান (২৭) নামে দুজনকে আটক করে। পরে প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ৬০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। দিন কিংবা রাত—অপরাধের খবর পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




