কক্সবাজারের টেকনাফে দেশীয় মদসহ আটক ১২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পাশে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা গেছে, একটি কালো হাইয়েস গাড়িতে তল্লাশি করে পাঁচটি বোতলে মোট এক লিটার দেশীয় মদ পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা ১২ জনকে আটক করা হয়। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড দেন। ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।




