শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মহানগরীর ২৯৪টি পূজামণ্ডপসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের জন্য মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চসিক কাজ করছে। চট্টগ্রাম সবার শহর। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব।
মেয়র জানান, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬টি থানার আওতাধীন ২৯৪টি পূজামণ্ডপে জেনারেটরের জ্বালানি খরচ বাবদ প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া জে এম সেন হল পূজামণ্ডপে পাঁচ লাখ, জামালখানের কুসুমকুমারী পূজামণ্ডপে ১৫ লাখ এবং সিটি কর্পোরেশনের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে। চট্টগ্রামে সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু নগরী সবার।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীরও দায়িত্ব রয়েছে। যেখানে-সেখানে ময়লা না ফেলা, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। নগরীর উন্নয়ন ও নাগরিক সুবিধা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহসভাপতি বিপ্লব কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগরীর ২৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অনুষ্ঠানে অংশ নেন।