ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস ও কাভার ভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানে কোনো চোরাকারবারি আটক না হওয়ায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




