প্রি-পেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল, নেসকোর দুর্নীতি ও সেবার নামে হয়রানি বন্ধের দাবিতে আগামী ৩০ নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রি-পেইড মিটার অপসারণ ও প্রকল্প বাতিল, নতুন গ্রাহকদের ডিজিটাল পোস্টপেইড মিটার প্রদান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নেসকোর দুর্নীতি ও হয়রানি বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এ পর্যন্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি ও নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করা হয়েছে। তবে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনোয়ার হোসেন বাবলু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে লোডশেডিং, ভুতুড়ে বিল ও প্রি-পেইড মিটারের নানা সমস্যায় গ্রাহকরা ভোগান্তিতে রয়েছেন। সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দাবি বাস্তবায়নের লক্ষ্যেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ গ্রাহক ফোরামের রংপুর জেলা আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা উপস্থিত ছিলেন।




