রংপুর বিভাগে ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে ২০২৫ সালে ১১৮ কোটি টাকা ব্যয় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। চলতি বছর এ খাতে ১৭৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে।
 বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রংপুরে এনজিও ফোরামের সভাকক্ষে আশার বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় আশার শিক্ষা, শিক্ষাবৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন, দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, রংপুর বিভাগের ৪৩৫টি শাখার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ৮৪ হাজার ২৮৬ জন সদস্যকে ৬ হাজার ৩৩৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন সদস্যের মধ্যে ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বিভাগের ১০৭টি শাখায় শিক্ষা কার্যক্রম চলছে। ১ হাজার ২২টি শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৯৩৯ জন। তিনটি সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র ও ১২টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে গত অর্থবছরে ৩ লাখ ৩ হাজার ৩৩৪ জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। রংপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও সদরে অবস্থিত তিনটি ফিজিওথেরাপি কেন্দ্র এবং বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে সেবা পেয়েছেন ২২ হাজার ২১৩ জন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের জন্য ৩ হাজার ২০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি স্যানিটেশন উদ্যোক্তা ও ব্যবহারকারীদের ঋণ দেওয়া হচ্ছে। গাইবান্ধার বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে ‘হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)’ প্রকল্প।
সদস্য কল্যাণ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৩২৬ জন সদস্যকে অবসর সম্মানী ভাতা হিসেবে ৪৯ লাখ টাকা দেওয়া হয়েছে। ১ হাজার ৭০৫ জন সদস্যের মৃত্যুতে এককালীন ৮৫ লাখ টাকা অনুদান এবং মৃত ২ হাজার ২৮১ জন সদস্যের ১০ কোটি ৬০ লাখ টাকা অনাদায়ী ঋণ মওকুফ করা হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৪৮২ জন অভিভাবকের মৃত্যুতে ১২ কোটি ৯৫ লাখ টাকা এবং কর্মক্ষমতা হারানো ৬৪ জন সদস্য ও অভিভাবকের ২৪ লাখ টাকা ঋণ মওকুফ করা হয়েছে। চিকিৎসা সহায়তা হিসেবে ৩ হাজার ৮৭৫ জন সদস্যকে দেওয়া হয়েছে ৮৮ লাখ ২২ হাজার টাকা। সভায় জানানো হয়, আশার এসব কর্মসূচি নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাদ্দেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আশার রংপুর ডিভিশনাল ম্যানেজার এস এম বেলাল হোসেন। সভাপতিত্ব করেন রংপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হারুনার রশীদ সেখ। প্রধান অতিথি আশার সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান।