নীলফামারীতে পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় সতর্কতা তৈরি হয়েছে। বস্তুগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তা চেয়েছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে সেগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে জানান, আইজুল ইসলামের পুকুরপাড়ে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
ওসি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে। এ বিষয়ে এসআরবি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুগুলোকে ককটেল বা বিস্ফোরক হিসেবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।