সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দাফনের ২০ মাস পর কবর থেকে দুই যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। হত্যা মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে শনিবার উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ দুটি তোলা হয়। নিহতরা হলেন- আজিজ ফারুকীর ছেলে রোকনুজ্জামান রোকন ফারুকী এবং তার প্রতিবেশী নাসির উদ্দিন নান্টু।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ জমিজমা নিয়ে বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজার এলাকায় তাদের মৃত্যু হয়। ওই সময় ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা উল্লেখ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছিল।
তবে নিহত রোকনুজ্জামানের ছোট ভাই ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকীর দাবি, তার ভাই ও নাসির উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে গাড়িচাপা দিয়ে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ফেরদৌস মামুন আদালতে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।
মামলার আসামিরা হলেন- হেমনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মোনায়েম হোসেন জেমস, তার ছোট ভাই জাকির হোসেন, তাদের বাবা আব্দুল ওয়াহাব এবং জেমসের দুই সহযোগী মোহাম্মদ রাসেল সরকার ও মোহাম্মদ শাকিল হোসেন ওরফে সুট্যার শাকিল।
সলঙ্গা থানার ওসি আলী আসলাম জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং তাড়াশ ও সলঙ্গা থানা-পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, আদালতের নির্দেশে মরদেহ দুটি উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়।




