পাবনার সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ। তিনি পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দেন তিনি। পরদিন শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাঁথিয়া বাজারে তাদের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব এ হাসান টিটো, উপজেলা যুবদলের সদস্যসচিব মিজানুর রহমান বাবুল, সাবেক সদস্যসচিব আবু সাইদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সজলসহ স্থানীয় নেতারা। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর পশ্চিমপাড়া গ্রামের মুন্নাফ প্রামাণিকের বাড়িতে আগুন লাগে। এতে পাঁচটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ, পেঁয়াজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।