ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে নেওয়া হয়।
আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে। মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকালে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীটি স্কুলে যাচ্ছিল। আগের দিনের বৃষ্টিতে রাস্তার পাশে পানি জমে থাকায় তাকে পার করে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে আকিদুল। পরে শিশুটিকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকেরা বিষয়টি বুঝতে পেরে তার পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পরদিন শিশুটির বাবা শংকর কুমার মন্ডল আলফাডাঙ্গা থানায় আকিদুলের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানার রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।