দীর্ঘদিনের রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেডকে (কেপিএম) পুনরায় উৎপাদনে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার। কারখানাটি সচল করতে বিনিয়োগ ও আধুনিকায়নসহ বিভিন্ন পদ্ধতি নিয়ে পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।
শনিবার (১০ অক্টোবর) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কেপিএম পরিদর্শন করেন তিনি। পরে কারখানার গেস্ট হাউসে বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিআইসি চেয়ারম্যান।
মো. বাবুল মিঞা বলেন, কেপিএম একসময় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটিকে আবার উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের অন্যান্য রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানকেও সচল ও লাভজনক করার উদ্যোগ চলছে। তিনি বলেন, এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বিএমআর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে।
সভায় কেপিএমের বর্তমান অবস্থা, সার্বিক কার্যক্রম এবং উৎপাদন পুনরায় শুরুর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ। উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা। সংশ্লিষ্টদের আশা, পরিকল্পনা বাস্তবায়িত হলে কেপিএমের উৎপাদন কার্যক্রম পুনরুজ্জীবিত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।




