দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। রবিবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা লিটন পারভেজ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ ও ডা. লোহানী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর দীপক, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এবং মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডে দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের নিরাপত্তা বিপন্ন হয়েছিল। তাদের দাবি, শহীদ আবু সাঈদসহ প্রায় দেড় হাজার মানুষ হত্যার দায় এড়ানোর সুযোগ নেই। দেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগও করেন তারা।
বক্তারা আরও বলেন, বিদেশে অবস্থান করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
যুবদল নেতারা বলেন, অতীতেও সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে তারা সক্রিয় থাকবেন।