গোপালগঞ্জে বিজিবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পর সতর্কতামূলক ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রাতভর উত্তেজনা ও মানুষের শোডাউন হলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। জেলা শহরসহ পুরো জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়, গোপালগঞ্জে বিজিবি গণহত্যা চালাবে। এ খবর ছড়িয়ে পড়ার পর শহর ও আশপাশের বিভিন্ন ইউনিয়নে মসজিদ এবং মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজনকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এরপর রাত ১০টার দিকে মাঝিগাতী, কাঠি, দুর্গাপুর, রঘুনাথপুর, লতিফপুর, হরিদাসপুর ও চন্দ্রদীঘলিয়াসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ লাঠিসোঁটা, রামদা, হকিস্টিক, টেঁটা, ঢাল ও সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে শোডাউন করেন। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও নিজেদের ফেসবুক আইডিতে বিজিবিকে নিয়ে ছড়িয়ে পড়া পোস্টকে ভুয়া বলে দাবি করেন। তবে এসব সতর্কবার্তায় তেমন সাড়া মেলেনি। রাত ১২টার দিকে লোকজন বাড়ি ফিরে যান।
এদিকে জেলার স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। সব রুটে যানবাহন চলাচল করছে এবং দূরপাল্লার বাসও ছেড়ে যাচ্ছে। অফিস-আদালত, ব্যাংক-বিমা, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে আতঙ্কের প্রভাবে শহরে মানুষের উপস্থিতি এবং দোকানপাটে বেচাকেনা তুলনামূলক কম।
গুজবের বিষয়ে বিজিবির সতর্কবার্তা
বিজিবি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে বাহিনীকে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। গোপালগঞ্জে কথিত অভিযান ও হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। পাশাপাশি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে মনগড়া ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে বিজিবির বিরুদ্ধে উসকে দেওয়ার চেষ্টা চলছে।
রবিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বিজিবি এসব তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে। বাহিনী জানায়, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে শান্তিপ্রিয় সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বিজিবি আরও জানায়, জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গোপালগঞ্জে বর্তমানে দুই ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।