বাগেরহাটে পৃথক স্থানে অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় এবং শহরের হাড়িখালী এলাকায় জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
একই রাতে ফকিরহাট উপজেলায় মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এছাড়া মোড়েলগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এক রাতেই জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বুধবার রাতে জেলায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।