ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন বন্ধে তিন ঘণ্টার অভিযানে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহর নেতৃত্বে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকেল ৪টা ৩০ মিনিটে। সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি ও ফনি খালের আশপাশের প্রায় আটটি স্থান থেকে বালু জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য প্রয়োজনীয় নোটিশও দেওয়া হয়েছে। নিলাম শেষ না হওয়া পর্যন্ত বালুগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় থাকবে। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।