শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের ৭৪৬টি মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সব মণ্ডপে প্রতিমা স্থাপন, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করার কথা জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য অধিকাংশ মণ্ডপে সিসি ক্যামেরা ও জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সম্প্রীতি কমিটি গঠন এবং আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
পূজার নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, মণ্ডপের নিরাপত্তায় টহল পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকের পুলিশ ও ডিএসবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মণ্ডপের আশপাশে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও কাজ করবে।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
জেলায় এবার সবচেয়ে বেশি ১৭০টি মণ্ডপ রয়েছে সদর উপজেলায়। এ ছাড়া অভয়নগরে ১৩৩টি, মণিরামপুরে ১০৩টি, কেশবপুরে ১০২টি, বাঘারপাড়ায় ৯২টি, ঝিকরগাছায় ৬১টি, চৌগাছায় ৫৩টি এবং শার্শায় ৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সবার সহযোগিতায় আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে।