বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোরীদের ক্ষমতায়ন এবং নাগরিক সমাজের সদস্যদের সচেতন করতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ড্রিম জার্নি অনুষ্ঠান। সোমবার দুপুরে সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)। ‘এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (গার্লপাওয়ার) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল, কিশোরীদের অধিকার, শিক্ষার গুরুত্ব এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইসফাকুল কবির সরকার এবং হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সেভের নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা আশা।
আয়োজকরা জানান, কিশোরীদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার ও সমাজের সদস্যদের সচেতন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। কিশোরীদের পড়াশোনা অব্যাহত রাখা, আত্মবিশ্বাস বাড়ানো এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে অনুষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।




