নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। বৃহস্পতিবার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি বিচারের বিষয়ে এমন আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, শাকিলের মৃত্যুর পর ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব তাদের ওপর এসেছে। হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই দায় থেকে মুক্তি নেই। অপরাধের অভিযোগ থাকলেও কাউকে হত্যা করার অধিকার কারও নেই। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্ত ও আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুরুদাসপুর পৌর শহরের খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকায় শাকিলের বাড়িতে যান প্রতিমন্ত্রী। সেখানে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি মামলার তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ফারজানা শারমিন পুতুলের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় শাকিলের বক্তব্য নেওয়া হলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারত। এ ছাড়া মামলার এজাহারে বাদীর উল্লেখ করা একটি নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা হিসেবে মামলা নথিভুক্ত করার বিষয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার কথাও জানান প্রতিমন্ত্রী।
শাকিলের বাবা রবিউল ইসলাম অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন তিনি। তার দাবি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের নির্দেশে প্রথমে আমেরিকাপ্রবাসী রাসেলের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছিল, পরে একই ব্যক্তির নির্দেশে নামটি বাদ দেওয়া হয়। ছেলের হত্যাকাণ্ডে সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টু ও রাসেলের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শাকিলকে বাঁচানোর চেষ্টা করা হলেও কেউ কেউ তার বেঁচে থাকা চাননি বলে তার ধারণা। গুরুদাসপুরে বিএনপি নেতা মবিদুল এবং বড়াইগ্রামের বনপাড়ায় সানাউল্লাহ নুর বাবু হত্যার বিচার না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি জানান, শাকিল হত্যার ক্ষেত্রেও একই পরিণতি হতে দেওয়া হবে না। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এবং জানাজার পর দোকানপাট ভাঙচুরের মতো ঘটনা এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তার বক্তব্য, অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা উচিত নয়; অপরাধ প্রমাণিত হলে শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে শাকিলের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজামুদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জিষান উপস্থিত ছিলেন। পরে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি শাকিলের ওপর হামলা চালান। তাকে কুপিয়ে আহত করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা। পরে তাঁকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
শাকিলের মৃত্যুর পর ওই রাতেই সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আটক করে পুলিশ। পরদিন তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই সময়ে তাকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।
হত্যাকাণ্ডে মিন্টুর পাশাপাশি রাসেলের সংশ্লিষ্টতার সন্দেহে শাকিলের জানাজায় উপস্থিত কিছু লোক দোকানপাটে ভাঙচুর চালান। জানাজায় বক্তব্য দিতে গিয়ে জনরোষের মুখেও পড়েন সংসদ সদস্য আবদুল আজিজ। পরবর্তী সময়ে তার একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এসব অভিযোগের বিষয়ে আবদুল আজিজের বক্তব্য, তার ও তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।