অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর আর্থিক লেনদেন ও সম্পদের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে সম্পদ কেনা, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এসব তথ্য চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের স্বাক্ষরিত চিঠিতে প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে দেশের সব ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্রের তথ্যও চাওয়া হয়েছে।

এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দলিল ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে। ওই দেশগুলোতে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে সে সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে।

চিঠিতে তাদের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানিয়েছিল দুদক।