রাঙামাটির কাউখালী উপজেলায় তিন মাসব্যাপী চাকমা বর্ণমালা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশের (সিসিসিবি) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ টিকে থাকতে যেমন শিকড় প্রয়োজন, তেমনি জাতির অস্তিত্ব ও পরিচয় ধরে রাখতে মাতৃভাষা ও বর্ণমালার চর্চা জরুরি। নিজ ভাষায় পড়তে ও লিখতে শেখার সুযোগ পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রশিক্ষক পুলেশ চাকমা জানান, ২০১৮ সালে সিসিসিবি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থীকে চাকমা বর্ণমালার শিক্ষা দেওয়া হয়েছে।
চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সিসিসিবির সভাপতি সুশান্ত চাকমা, প্রতিষ্ঠাতা লিটন চাকমা, পরেশ চাকমা, ঘাগড়া ইউপি সদস্য অমর বিন্দু চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ফলাফলে উর্মি চাকমা প্রথম, ইতি চাকমা দ্বিতীয় এবং শ্রেয়া চাকমা তৃতীয় স্থান অর্জন করেন।




