‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের ধ্বংস নিশ্চিত’—এমন মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর। দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলে দেওয়া তার এই পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
ফেসবুক পোস্টে জামাল হোসেন লেখেন, ‘হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman, আপনার দলের ধ্বংস নিশ্চিত। আপনি বলেছিলেন, মিছিলের শেষ কর্মীটি মূল্যায়ন পাবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, প্রথম কর্মীটি অস্তিত্ববিলীন। সময় কিন্তু এক রকম যায় না—খারাপ সময় যেকোনো মুহূর্তে!’
এ বিষয়ে জামাল হোসেন লস্কর বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন। জেলে যেতে হয়েছে, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন এবং চাকরিও হারিয়েছেন। এমনকি অনেক দিন না খেয়ে রোজা রাখতে হয়েছে। তার দাবি, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনও অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
জামাল হোসেনের অভিযোগ, এত ত্যাগের পরও সারের ডিলার হিসেবে আওয়ামী লীগের এক নেতা ও জুলাই বিপ্লবের আন্দোলন-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত এক আসামিকে মূল্যায়ন করেছে বিএনপি। দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজপথের মিছিলে সবার শেষে থাকা কর্মীকেও মূল্যায়নের কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে নিবেদিত ও নির্যাতিত নেতা-কর্মীরা বারবার অপমান ও অবমূল্যায়নের শিকার হচ্ছেন। বিষয়টি তার কাছে হতাশাজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।
জামাল হোসেন লস্কর সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।




