বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিভিশন ক্রিকেট দলের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৮ হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, লাগেজ, চারটি প্লাস্টিকের বাক্স, তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার চামটা গ্রামের মো. মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গন্ডগোহালী জামতলা গ্রামের মো. সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের মো. রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের মো. শাহাদাত হোসেন (৫২)।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর বিসিবির ডিভিশন ক্রিকেট দলের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পরদিন সকাল ৫টা ৫ মিনিটের দিকে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত গাড়িটির পেছনের তালা ভেঙে মোটরসাইকেলে আসা কয়েকজন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চালক দরজা খোলা ও তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে মালামাল নামানোর সময় দেখা যায়, ক্রিকেট দলের ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে। বাকি আটটি লাগেজ চুরি হয়েছে। এ ঘটনায় এস এম মেহেরব হাসান ১৪ অক্টোবর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১১৬) করেন।
জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এবং উপপরিদর্শক মো. মেহেদী হাসানসহ একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে তারাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় শাহাদাত হোসেনের বাড়ি থেকে মালামাল উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহী, টাঙ্গাইল ও নাটোরে মোট পাঁচটি মামলা রয়েছে। সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




