সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেলগাছের ডাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা এলাকায় এ ঘটনা ঘটে। পলাশ শেরপুর উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত এনামুল সরকার। তিনি শ্বশুর নুরনবীর বাড়িতে থেকে গাছ পরিষ্কারের কাজ করতেন।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আমিনুল ইসলামের বাড়িতে নারিকেলগাছ পরিষ্কারের সময় একটি ডাল বিদ্যুতের তারে আটকে যায়। ডালটি সরানোর চেষ্টা করলে পলাশ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




