বরগুনার পায়রা নদীতে মাছ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। পরে স্বজনেরা তাঁর পরিচয় শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকায় পায়রা নদীতে মাছ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন ওমর আলী। এ সময় তাঁর সঙ্গে থাকা জেলে জলিলুর রহমান তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করেন। তবে বুধবার দিনভর অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে তেঁতুলবাড়িয়া এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা গ্রাম পুলিশ ও নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। ওমর আলীর ছোট ভাই আক্কেল আলী গাজী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। তেঁতুলবাড়িয়া এলাকার গ্রাম পুলিশ সেলিম মিয়া বলেন, নদীতে মরদেহ ভাসতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তালতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। দুই দিন আগে আমতলী এলাকায় জাল তুলতে গিয়ে ওই জেলে নিখোঁজ হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।