মৌলভীবাজারের কমলগঞ্জে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড় ভাই জহিরুল ইসলাম জসিম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ময়নুল হক নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বড়গাছ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকার উম্মর মিয়ার ছেলে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী রিপন আহমেদের একটি জমি বিক্রির বিষয় নিয়ে বিরোধের সূত্রপাত। ওই জমির মধ্যস্থতার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা। এ নিয়ে একই গ্রামের মাহমুদ মিয়া, মামুন মিয়া ও ময়নুল হকের সঙ্গে তাদের বিরোধ চলছিল।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের চাচাতো ভাই সাহেল জমিটি কেনার আগ্রহ নিয়ে দুই ব্যক্তিকে সেখানে নিয়ে যান। জমি কেনার বিষয়ে কথা বলতে জাহাঙ্গীরের বড় ভাই জসিমকেও ডেকে আনা হয়। তিনি পৌঁছানোর পর জমি বিক্রির বিষয়টি নিয়ে আপত্তি জানান প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে জসিমের মাথায় আঘাত করা হয়। ভাইয়ের আক্রান্ত হওয়ার খবর পেয়ে জাহাঙ্গীর সেখানে গেলে তাকেও মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহাঙ্গীর মারা যান।
নিহতের চাচা সুন্দর আলীর অভিযোগ, পরিকল্পিতভাবে তার ভাতিজাকে হত্যা করা হয়েছে। হামলার সময় দা ও লাঠি ব্যবহার করা হয় বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় মামুন, মাহমুদ ও ময়নুলসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ময়নুল হককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।




