মেহেরপুরের গাংনীতে অস্ত্র আইনের মামলায় মো. সামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মোখলেছুর রহমান খান স্বপন জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর গাংনীর তেরাইল গ্রামে অভিযান চালায় র‌্যাব-৬-এর গাংনী ক্যাম্পের একটি দল। এ সময় গ্রামের আমিরুল ইসলামের ছেলে সামরুল ইসলামকে আটক করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুটি গুলি ও একটি ৭.৬৫ মিমি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।