নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দর বন্ধ থাকায় গত সাত দিনে ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী আটকা পড়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি ও রিয়াদ এয়ারের ১০টি রয়েছে। এ ছাড়া বাতিল হয়েছে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের সাতটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার পাঁচটি ফ্লাইট। কাওছার মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে।