ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব দাবি জানান।
সোমবার ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিবৃতিতে জুবায়ের অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, আব্দুল্লাহ আল মিনহাজ ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক হওয়ার পাশাপাশি তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি। জুলাই আন্দোলনে তিনি আহতও হয়েছিলেন। তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে চলমান সহিংসতার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জুবায়ের বলেন, অতীতেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করে কোনো গোষ্ঠী সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। সহিংসতার মাধ্যমে রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াত নেতা অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের অবস্থানের কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে দাবি করে তিনি এ দায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন।
তিনি অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষায় সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াতের এই নেতা।