সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইটের চলাচল বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটে যাত্রীর সংখ্যা ২ হাজার ৯৫১ জন। রবিবার (১১ অক্টোবর) বিকেল পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সৌদি এয়ারলাইনসের তিনটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, রিয়াদ এয়ারওয়েজের দুটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এ কারণে সংস্থাটির বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিত রয়েছে। ফ্লাইট দুটির বিষয়ে সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানানো হবে।
শনিবার রাতে হামলার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত (ইউটিসি) কার্যক্রম বন্ধ থাকবে। 
বাংলাদেশ সময় অনুযায়ী, এর মেয়াদ শেষ হবে সোমবার দিবাগত রাত ৩টায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।