সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীসংখ্যা ২ হাজার ৯৫১ জন বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রবিবার (১১ অক্টোবর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ তথ্য জানায়। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে।
বিমান বাংলাদেশ জানিয়েছে, তাদের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ দুটি ফ্লাইটের বিষয়ে সোমবার দুপুর ১২টায় বিস্তারিত জানানো হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত (ইউটিসি) বাড়ানো হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত। বাংলাদেশ সময় শনিবার রাতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফ্লাইটগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।