পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির চেয়ারম্যান গহর আলী খান জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক লড়াই চালিয়ে যাবেন তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গহর আলী খান বলেন, গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হচ্ছে। একই সঙ্গে অবাধ গণতান্ত্রিক ব্যবস্থা ও স্বাধীন বিচার বিভাগের প্রতি দলের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
পিটিআইয়ের চেয়ারম্যান এ পদক্ষেপকে অবৈধ বলে উল্লেখ করেন। দলটির সাধারণ সম্পাদক সালমান আকবর রাজাও রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাওয়ার অধিকারের কথা বলেন।
ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবি নিয়ে পিটিআই ও কেন্দ্রীয় সরকারের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই গত রোববার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করা হয়। এতে প্রদেশে পিটিআই পরিচালিত সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ সিদ্ধান্ত নেয়।
এদিকে দুই পক্ষের বিরোধ মেটাতে মধ্যস্থতার চেষ্টা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম-পাকিস্তানের (জেইউআই-এফ) নেতা মাওলানা ফজলুর রহমান। পিটিআইয়ের সাধারণ সম্পাদক সালমান আকবর রাজার অভিযোগ, মাওলানা ফজলুর রহমানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন এবং মন্ত্রিসভায় বিষয়টি এগিয়ে নেওয়ার কথা বলেছিলেন। পরে সরকার আলোচনার এজেন্ডা পরিবর্তন করে ফেলে।
অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য নয়। সন্ত্রাসবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
গভর্নরের শাসন জারির পর সোমবার সড়ক অবরোধের কারণে পেশোয়ারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও মঙ্গলবার সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে শহরটিতে সাত দিনের জন্য সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
তথ্যসূত্র: জিও নিউজ