সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে টেলিফোনে আলাপকালে মোতেগি এ অবস্থান জানান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হুথিদের উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হুথিদের সংযত রাখতে ইরানের প্রতিও আহ্বান জানিয়েছে টোকিও।
সৌদি আরবে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদের সহযোগিতা চান মোতেগি। তিনি বলেন, ইয়েমেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ রাজনৈতিক সমাধান। হুথিদের জাতিসংঘের নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে জাপান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
হরমুজ ও বাব আল-মানদাব প্রণালিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৌদি আরবসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার কথাও জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও জ্বালানি সক্ষমতা বাড়াতে জাপানের সহযোগিতার পরিকল্পনা নিয়েও কথা হয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে সপ্তাহান্তে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৪ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাতেও হামলার খবর রয়েছে।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুথিরা। পরের বছর তাদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে। ২০২২ সালে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত কিছুটা প্রশমিত হলেও প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে তা ভেঙে পড়ে।
তথ্যসূত্র: আনাদোলু




