ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা মার্চ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্রবার ও শনিবার বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সেন্ট্রাল পার্কে পতাকা হাতে পদযাত্রার কর্মসূচি দিয়েছে সিজেপি। দলটির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির অনুমতি না পাওয়ায় সেন্ট্রাল পার্ককে সমাবেশস্থল হিসেবে বেছে নিয়েছে দলটি। কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা ও আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সিজেপি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছে। তিরঙ্গা মার্চে এ দাবিও তোলা হতে পারে।
এদিকে সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নিরাপত্তা বাড়াতে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর জানানো হয়েছে, আপাতত মেট্রো পরিষেবা বন্ধের পরিকল্পনা নেই। পরিস্থিতি অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পুলিশ সাধারণ মানুষকে কর্মসূচিতে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে।




