রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে অনুভূত এই কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই। এদিকে, ভূমিকম্পটি ঘিরে জাপানে আগাম সতর্কতা নিয়েও বিভ্রান্তির খবর পাওয়া গেছে। বিএনও নিউজের তথ্য অনুযায়ী, জাপানের আবহাওয়া সংস্থা ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাসসংবলিত একটি সতর্কতা জারি করেছিল। এতে জাপানের বড় একটি এলাকায় তীব্র কম্পনের আশঙ্কা জানানো হয়।
তবে সংস্থাটির নিজস্ব হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অংশ। এই বলয়টি পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে টেকটোনিক প্লেটের পারস্পরিক নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এর আগে গত বছরের জুলাইয়ে এই অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনার পর সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: এনডিটিভি




