রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও ই-কমার্স প্ল্যাটফর্মে ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় কয়েকটি তেল শোধনাগার আক্রান্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার ‘বিজনেস রাশিয়া’ ফোরামের এক সভায় ভিডিও সংযোগে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, ওয়াইল্ডবেরিজ ও ওজোনের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে হামলারও জবাব দিয়েছে মস্কো। তার অভিযোগ, রাশিয়ার পাল্টা পদক্ষেপের বিরুদ্ধে ইউক্রেন এখন পশ্চিমা দেশগুলোর সহায়তা চাইছে।
পুতিনের ভাষ্য, ইউক্রেনই প্রথম হামলা শুরু করেছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও ডেটা সেন্টারসহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার বিষয়ে এখন কিয়েভ অভিযোগ তুলছে। এর আগে বুধবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, ইউক্রেন সারাতভ ও রিয়াজান অঞ্চলের তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের দাবি, এসব হামলা যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগের পরিপন্থী।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করলেই কিয়েভ রুশ তেল শোধনাগারে হামলা থামাতে প্রস্তুত। এ জন্য উভয় পক্ষের সম্মতি ও যথাযথ নিশ্চয়তা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। পেসকভ জানিয়েছেন, জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। তবে পাল্টাপাল্টি হামলার মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।
তথ্যসূত্র: আনাদোলু