জলপাই সংগ্রহের মৌসুমে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। শুক্রবার রামাল্লাহর উত্তরে তুরমুস আয়া শহরে সংঘটিত এ ঘটনায় কয়েকজন কৃষক লাঞ্ছিত হন এবং তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
আনাদোলু এজেন্সিকে দেওয়া তথ্য অনুযায়ী, জলপাই সংগ্রহের সময় একদল বসতি স্থাপনকারী কৃষকদের ওপর হামলা চালায়। শহরের আশপাশের এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।
এদিকে ফিলিস্তিনের ‘কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন’ জানিয়েছে, অক্টোবরের শুরু থেকে জলপাই সংগ্রহকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ১৩৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। কমিশনের নথিতে মারধর, উচ্ছেদ, ভয় দেখানো, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস ব্যবহার ও গ্রেপ্তারের অভিযোগের পাশাপাশি ফসল সংগ্রহের সরঞ্জাম চুরি এবং জলপাইগাছ নষ্ট করার ঘটনাও রয়েছে।
সংস্থাটির মতে, এসব ঘটনার ফলে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে নিজেদের কৃষিজমিতে প্রবেশ ও ফসল সংগ্রহের সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে।
ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে। জলপাই সংগ্রহের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের হামলার অভিযোগ স্থানীয় কৃষকদের নিরাপত্তা এবং জীবিকা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
তথ্যসূত্র: আনাদোলু




