জন্মদিনের সাজে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। ২৯তম জন্মদিনে তাঁর পোশাকের বিশেষ আকর্ষণ ছিল জেব্রা প্রিন্ট। স্পেনের ফ্যাশন ব্র্যান্ড জারার তৈরি পোশাকটির দাম ২ হাজার ৩৫০ রুপি। তুলনামূলক কম দামের পোশাকেও যে আকর্ষণীয় সাজ সম্ভব, সারার জন্মদিনের লুক যেন তারই উদাহরণ।
১২ অক্টোবর ছিল সারার জন্মদিন। পরদিন ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ফুল দিয়ে সাজানো কেক, রঙিন বেলুন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবিগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে তাঁর পোশাক।
প্রচলিত পার্টি পোশাকের বদলে সারা বেছে নিয়েছেন জেব্রা প্রিন্টের মাঝারি দৈর্ঘ্যের টিউল পোশাক। সামনের দিকে উঁচু নৌকাকৃতির গলা এবং পেছনের খোলা নকশা পোশাকটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। লম্বা, স্বচ্ছ ঘণ্টাকৃতির হাতা এবং কবজির কাছে ফিতা দিয়ে বাঁধার নকশাও সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
পোশাকটি তৈরি হয়েছে হালকা টিউল কাপড়ে। এতে ৯৩ শতাংশ পলিয়েস্টার ও ৭ শতাংশ ইলাস্টেন রয়েছে। ভেতরে আলাদা আস্তরণ থাকায় বাইরের কাপড়ের স্বচ্ছ আবহ বজায় রেখেও শরীর ঢাকা থাকে। জারার এই পোশাকের নকশায় আধুনিকতা ও স্বতন্ত্র ফ্যাশনবোধের সমন্বয় রয়েছে। জন্মদিনের সাজে সারার পছন্দ দেখিয়েছে, আকর্ষণীয় হতে পোশাকে সব সময় বিপুল অর্থ খরচ করতে হয় না।
সূত্র: এনডিটিভি লাইফস্টাইল




