সৌদি আরবের রিয়াদ ও লোহিত সাগর উপকূলের বিভিন্ন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদ ছাড়াও বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবুতে কয়েকটি হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে।শনিবার রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনার পর বিমান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কসংকেতও বাজানো হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া দাবি করেন, রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাব হিসেবে তারা এ অভিযান চালিয়েছে।

এদিকে পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার কারণে ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরব ও আশপাশের এলাকায় ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।