ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার ব্যক্তিগত জীবনের কিছু অভ্যাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানালা খোলা রাখা থেকে শুরু করে বই পড়ার সময় উচ্চস্বরে হাসা—স্বামীর এমন কিছু আচরণে যে কখনো বিরক্ত হন ক্যামিলা, তা উঠে এসেছে বিবিসির নতুন একটি প্রামাণ্যচিত্রে।
প্রামাণ্যচিত্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ক্যামিলা জানান, তিনি যখন মনোযোগ দিয়ে বই পড়েন, তখন চার্লস হঠাৎ কোনো বিষয় নিয়ে জোরে হেসে ওঠেন। এতে তার পড়ার মনোযোগ নষ্ট হয়। স্বামীর এই অভ্যাসকে বিরক্তিকর বললেও কথাগুলোতে ছিল হাস্যরসের ছোঁয়া।
রাজা-রানির জানালা খোলা ও বন্ধ করা নিয়েও রয়েছে মজার ঘটনা। লেখক রবার্ট হার্ডম্যানের Charles III: New King, New Court—The Inside Story বইয়ে বলা হয়েছে, চার্লস জানালা খুলে রাখলে ক্যামিলা সেটি বন্ধ করে দেন। এরপর দুজনের মধ্যে শুরু হয় কথার লড়াই। চার্লস জানতে চান, জানালা বন্ধ করা হয়েছে কি না। ক্যামিলা জবাব দেন, ঠান্ডা থেকে বাঁচতেই তিনি সেটি বন্ধ করেছেন।
চার্লসের ব্যক্তিগত জীবন নিয়ে রাজপরিবারের সাবেক কর্মীরাও নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের দাবি, সকালে দাঁত মাজার সময় নির্দিষ্ট পরিমাণ টুথপেস্ট ব্যবহার করতে পছন্দ করেন রাজা। গোসলের ক্ষেত্রেও পানির তাপমাত্রা ও পরিমাণ নিয়ে তার নির্দিষ্ট পছন্দ রয়েছে। প্রিন্সেস ডায়ানার সাবেক পরিচারক পল বারেল এক প্রামাণ্যচিত্রে এ বিষয়ে কথা বলেছিলেন।
এদিকে, চার্লসের ছেলে প্রিন্স হ্যারি তার আত্মজীবনী Spare বইয়ে বাবার শরীরচর্চার একটি ব্যতিক্রমী অভ্যাসের কথা উল্লেখ করেছেন। তার বর্ণনায়, চার্লসকে কখনো কখনো মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকতে দেখা যেত।
রাজপরিবারের সদস্যদের জীবন সাধারণ মানুষের কাছে প্রায়ই জাঁকজমকপূর্ণ ও নিয়মে বাঁধা বলে মনে হয়। কিন্তু চার্লস ও ক্যামিলার এসব অভিজ্ঞতা দেখায়, রাজকীয় পরিচয়ের বাইরেও তাদের দৈনন্দিন জীবনে রয়েছে পরিচিত দাম্পত্য খুনসুটি, বিরক্তি ও হাস্যরস।




